বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের স্মারক নং এসজি (ইউ.এ) ১০১২/২০২৬, তারিখ ০৯ জুলাই ২০২৬-এর নির্দেশনার আলোকে এবং বাংলাদেশ সরকারের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির Green Response উদ্যোগের অংশ হিসেবে আজ বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত সেক্রেটারি জনাব মাহবুর রহমান টুটুল। এছাড়াও উপস্থিত ছিলেন বাগেরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মহোদয়, বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য জনাব মো. আল-আমীন সরদার, বাগেরহাট সরকারি মহিলা কলেজ রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত শিক্ষক জনাব মাসুদুর রহমান, বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের MACP Grant Response Project-এর প্রজেক্ট অ্যাসোসিয়েট জনাব মো. শরিফুল ইসলাম জুয়েল, বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান রাকিবুল ইসলাম এবং ইউনিটের অন্যান্য যুব সদস্যবৃন্দ।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত বক্তারা বৃক্ষরোপণের পাশাপাশি রোপণকৃত চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন এবং পরিবেশ রক্ষায় সকলকে আরও বেশি করে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির Green Response উদ্যোগের আওতায় এ ধরনের কর্মসূচি পরিবেশ সুরক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই সবুজ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

