Dhaka post
ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ের সড়কে ফাটল, যান চলাচল বন্ধ

মোঃ শিহাব উদ্দিন, নারায়ণগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ৪, ২০২৬ ৪:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ের সড়কে ফাটল, যান চলাচল বন্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ের একটি অংশে বড় ধরনের ফাটল ও সড়ক দেবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুর্ঘটনা এড়াতে ওই অংশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার সিংলাব-পাকুন্দা এলাকার আন্ডারপাসের পূর্ব পাশে সড়কের একটি অংশে ফাটল দেখতে পান স্থানীয়রা। স্থানীয়দের দাবি, প্রায় এক-চতুর্থাংশ কিলোমিটার এলাকাজুড়ে সড়কের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং কিছু অংশ নিচের দিকে দেবে গেছে।

সড়কে ফাটল দেখা দেওয়ার পর নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ ওই অংশে যান চলাচল বন্ধ করে দেয়। এতে সড়কের দুই পাশে যানবাহনের চাপ তৈরি হয়ে যানজটের সৃষ্টি হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

দুপুরে পরিস্থিতি দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা বাইপাস সড়ক চারলেন উন্নয়ন প্রকল্পের পরিচালক (পিডি) সৈয়দ আসলাম আলী।

ঘটনাস্থলে সড়কের পিচের ওপর আড়াআড়ি ও লম্বালম্বিভাবে ফাটল দেখা যায়। কয়েকটি স্থানে পিচ উঠে গিয়ে নিচের মাটি ও নির্মাণসামগ্রী বের হয়ে থাকতে দেখা যায়। কিছু অংশে সড়ক দেবে যাওয়ার চিত্রও দেখা গেছে।

সড়কের নির্মাণকাজের মান এবং রাস্তার পাশের মাটি কাটাকে এ ঘটনার কারণ হিসেবে দাবি করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। তাঁদের অভিযোগ, নির্মাণের সময় নিম্নমানের উপকরণ ব্যবহারের পাশাপাশি সড়কের আশপাশ থেকে মাটি কাটার কারণে সড়কের নিচের অংশ দুর্বল হয়ে থাকতে পারে।

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, সড়ক নির্মাণের সময় কাজের মান নিয়ে তাঁদের আপত্তি ছিল। তাঁর দাবি, নির্মাণের এক বছরের মধ্যেই সড়কে এ ধরনের ফাটল দেখা দেওয়ায় তাঁরা উদ্বিগ্ন।

আরেক বাসিন্দা আল আমিনের অভিযোগ, সড়ক নির্মাণের পর স্থানীয় কয়েকজন ব্যক্তি রাস্তার দুই পাশ থেকে মাটি কেটে নিয়ে গেছেন। এতে সড়কের পাশের অংশ দুর্বল হয়ে থাকতে পারে বলে তাঁর দাবি।

তবে সড়ক নির্মাণের মান নিয়ে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন প্রকল্প পরিচালক সৈয়দ আসলাম আলী। তাঁর ভাষ্য, টানা কয়েক দিনের বৃষ্টিতে সড়কের নিচের মাটি নরম হয়ে যায়। এর ওপর ভারী যানবাহন চলাচলের কারণে মাটি সরে গিয়ে সড়কের ওই অংশ দেবে গেছে এবং ফাটল তৈরি হয়েছে।

তিনি জানান, নির্মাণকারী বেসরকারি অংশীদার প্রতিষ্ঠান ‘ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড’-এর কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। জরুরি ভিত্তিতে ডাইভারশন সড়ক তৈরি করে যানবাহন চলাচলের ব্যবস্থা করার কাজ চলছে। দেবে যাওয়া অংশে প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা নিয়ে সংস্কারকাজ করা হবে বলেও জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্তের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, সড়ক মেরামতের পাশাপাশি নির্মাণকাজের মান এবং রাস্তার আশপাশের মাটি কাটার বিষয়টিও যাচাই করা প্রয়োজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।