কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি গ্রামে বসতবাড়িতে প্রবেশ করে ৫৭টি বনজ ও ফলজ গাছ কেটে নেওয়ার অভিযোগে প্রতিবেশী প্রকৌশলী হারাধন চন্দ্র দে-সহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মাইজহাটি গ্রামের মৃত আব্দুল ওয়াহিদের ছেলে আওলাদ হোসেন বাদী হয়ে পাকুন্দিয়া থানায় মামলাটি করেন। মামলা নং-০৭, তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৬।
মামলার অভিযোগে বলা হয়েছে, হারাধন চন্দ্র দে-সহ ছয়জন বাদীর বসতবাড়িতে অবৈধভাবে প্রবেশ করে জোরপূর্বক ৫৭টি বনজ ও ফলজ গাছ কেটে নিয়ে যান। একই সময়ে বাদীর পুকুর থেকে প্রায় চার লাখ টাকা মূল্যের মাছ নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে। এছাড়া বাদী ও তার পরিবারের জানমালের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় আওলাদ হোসেন মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মাইজহাটিতে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
তবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

