টানা ভারী বৃষ্টি ও বিরূপ আবহাওয়ার কারণে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের বাদামতলী এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এলাকার বহু ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছেন শত শত মানুষ। চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হচ্ছে। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে দিশেহারা হয়ে পড়েছে। যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হওয়ায় জরুরি প্রয়োজনেও চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।
এলাকাবাসী দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়দের আশা, প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে।

