ছাতকে ২০২৬ সালের প্রাথমিকের গুণী শিক্ষক নির্বাচিত ৩ শিক্ষক।
ছাতক উপজেলার ২০২৬ সালের প্রাথমিক পর্যায়ের গুণী শিক্ষক হিসেবে তিন শিক্ষক নির্বাচিত হয়েছেন। শিক্ষাক্ষেত্রে অবদান, পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা ও সংশ্লিষ্ট কার্যক্রমের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে।
নির্বাচিত শিক্ষকরা হলেন—মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলালুল ইসলাম, সহকারী শিক্ষক মুনমুন কর্মকার এবং ১৯ নং নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় কর।
সঞ্জয় কর ছাতক উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ এবং ছাতক বাজার সর্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তিন শিক্ষকই প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে অবদান রাখায় এ স্বীকৃতি পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে ছাতকের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় তিন শিক্ষককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, এ স্বীকৃতি শিক্ষকদের আরও উৎসাহিত করবে এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তাঁদের ভূমিকা আরও গতিশীল হবে।

