ঢাবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে রাশিয়ার পররাষ্ট্রনীতি ও
নতুন বিশ্বব্যবস্থা বিষয়ক বিশেষ লেকচার
ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে “রাশিয়ার পররাষ্ট্রনীতি ও নতুন বিশ্বব্যবস্থা” শীর্ষক বিশেষ লেকচার গতকাল ৮ নভেম্বর ২০২৬ রবিবার অনুষ্ঠিত হয়। রাশিয়ার পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি (আরইউডিএন ইউনিভার্সিটি)-এর বিশিষ্ট শিক্ষাবিদ এবং ঢাকাস্থ রুশ দূতাবাসের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।
স্বাগত বক্তব্য দেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম আলী আশরাফ। ঢাকাস্থ রুশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মিস আলেক্সান্দ্রা এ. খেলভনয় সূচনা বক্তব্য প্রদান করেন।
পরে আরইউডিএন ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ক অনুষদের ডেপুটি ডিন ড. নিকোলাই নিকোলায়েভিচ ইয়াগোদকা রাশিয়ার পররাষ্ট্রনীতি এবং একটি উদীয়মান বিশ্বব্যবস্থা সম্পর্কে লেকচার উপস্থাপন করেন। লেকচারে তিনি এমন একটি বিশ্বব্যবস্থার ধারণা তুলে ধরেন, যেখানে একাধিক আঞ্চলিক শক্তিকেন্দ্র সমমর্যাদার ভিত্তিতে পারস্পরিক সম্পর্ক বজায় রাখবে। তিনি রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি রাশিয়ার অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেন এবং ভারত, চীন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে গঠিত “বৈশ্বিক সংখ্যাগরিষ্ঠ” বা “গ্লোবাল মেজরিটি” – এর ধারণা সম্পর্কে আলোচনা করেন।
ড. ভ্যালেরিয়া অ্যাডলেরোভনা বেরেস্ট রাশিয়ার শিল্পকলা, সংস্কৃতি, বৈচিত্র্য এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সংস্কৃতির তাৎপর্য নিয়ে আলোচনা করেন। উভয় বক্তার আলোচনায় ঢাকা ও মস্কোর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি গুরুত্ব পায়।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা বক্তাদের সঙ্গে বিভিন্ন সমসাময়িক বিষয়ে মতবিনিময় করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ সামস মোরসালিন।
অনুষ্ঠানটি রাশিয়ার পররাষ্ট্রনীতি, সাংস্কৃতিক পরিচয় এবং পরিবর্তনশীল বিশ্বব্যবস্থা নিয়ে শিক্ষার্থী ও শিক্ষাবিদদের মধ্যে অর্থবহ আলোচনা ও পারস্পরিক মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করে।
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়

