Dhaka post
ঢাকাবৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জ বারে দুই পক্ষের আইনজীবীদের হাতাহাতি

মোঃ শিহাব উদ্দিন, নারায়ণগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ৮, ২০২৬ ৪:২২ পূর্বাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ বারে দুই পক্ষের আইনজীবীদের হাতাহাতি

মোঃ শিহাব উদ্দিন, নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনে বিএনপিপন্থী আইনজীবীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে সমিতি ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। এতে কয়েকজন আইনজীবী আহত হয়েছেন। একই ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান হেনস্তার শিকার হয়েছেন বলে জানা গেছে।

আহতদের মধ্যে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির এবং অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ওমর ফারুক নয়নের নাম জানা গেছে। তারা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে আগে থেকেই দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়েছে। এক পক্ষের সঙ্গে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান ও পিপি আবুল কালাম আজাদ জাকিরের নাম রয়েছে। অন্য পক্ষের সঙ্গে সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির ও মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানের নাম রয়েছে।

মঙ্গলবার বিকেলে আইনজীবী সমিতির ভবনের দ্বিতীয় তলায় দুই পক্ষের আইনজীবীদের খাবারের আয়োজন চলছিল। এ সময় সমিতির নির্বাচনসহ আদালতসংক্রান্ত কয়েকটি বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ঘটনার সময় সাখাওয়াত হোসেন খানকে সরিয়ে নেওয়ার চেষ্টা করতে তার সঙ্গে থাকা পুলিশ সদস্যকে দেখা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ঘটনা নিয়ে সমিতির সাধারণ সম্পাদক এইচ এম আনোয়ার প্রধান অভিযোগ করেন, সাখাওয়াত হোসেন খান ও তার অনুসারীরা তাদের পক্ষের আইনজীবীদের দিকে এগিয়ে এসে হামলা করেন। তার দাবি, এতে অতিরিক্ত পিপি ওমর ফারুক নয়নসহ কয়েকজন আহত হন। পরে তারা প্রতিবাদ হিসেবে সাখাওয়াত হোসেনসহ তার পক্ষের কয়েকজনকে কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখেন বলে জানান তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে সমিতির সভাপতি সরকার হুমায়ূন কবির বলেন, তারা সাখাওয়াত হোসেন খানসহ কয়েকজনকে নিয়ে তার কক্ষে খাবার খাচ্ছিলেন। পাশের কক্ষ থেকে কথাবার্তা ও হইচইকে কেন্দ্র করে পরিস্থিতির অবনতি হয় বলে তার দাবি। ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

সাখাওয়াত হোসেন খানের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার তথ্য পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।