দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছেন খোকন নামে এক হতদরিদ্র রিকশাচালক। এতে তাঁর একমাত্র বসতঘরসহ জীবিকার প্রধান অবলম্বন চারটি গবাদিপশু পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।
উপজেলার শিবনগর ইউনিয়নের পূর্ব রাজারামপুর (আদর্শ কলেজপাড়া) এলাকায় এ হৃদয়বিদারক অগ্নিকাড়ের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই আগুনের তীব্র শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সময় পাশে থাকা একটি ঝুপড়ি ঘরে আটকে ছিলেন খোকনের বৃদ্ধ প্রতিবন্ধী মা। তবে অলৌকিকভাবে তিনি প্রাণ রক্ষা পান। কিন্তু গোয়ালঘরে থাকা একটি গর্ভবতী গাভী, একটি বকনা বাছুর এবং দু’টি ভেড়া আগুনে পুড়ে নির্মমভাবে মারা যায়। সব হারিয়ে এখন খোলা আকাশের নিচে দিশেহারা হয়ে পড়েছেন ওই রিকশাচালক ও তাঁর পরিবার।
ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছামেদুল ইসলাম। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারটিকে তাৎক্ষণিকভাবে ব্যক্তিগত তহবিল থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
ইউপি চেয়ারম্যান মো. ছামেদুল ইসলাম জানান, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় সংসদ সদস্য এবং জেলা প্রশাসককে জানানো হয়েছে। সরকারি তহবিল থেকে ওই পরিবারটিকে সর্বাত্মক সহযোগিতার ব্যবস্থা করা হচ্ছে।”
পরিদর্শনের সময় ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান ফিজারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে এবং পুনর্বাসনের জন্য স্থানীয় প্রশাসন ও বিত্তবানদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

