মেহেরপুরে ইটভাঙা মেশিন উল্টে নির্মাণ শ্রমিক নিহত, আহত কয়েকজন
মুজিবনগর উপজেলা প্রতিনিধি
তন্ময় মন্ডল
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটভাঙা মেশিন (মেশিনারি ভ্যান) উল্টে লিখন হোসেন (২৭) নামের এক তরুণ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। পরে দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত লিখন হোসেন মুজিবনগর উপজেলার দারিয়াপুর খানপুর গ্রামের খোকন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মুজিবনগর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক সমিতির কার্যালয় থেকে একটি ইটভাঙা মেশিন নিয়ে কয়েকজন শ্রমিক আনন্দবাস গ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বল্লভপুর গ্রামের সমিল এলাকায় পৌঁছালে হঠাৎ করেই মেশিনটির সামনের চাকার এক্সেল ভেঙে যায় এবং চালক নিয়ন্ত্রণ হারালে সেটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় মেশিনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন লিখন হোসেন।
স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে অন্যরা সুস্থ হলেও, অবস্থার অবনতি হওয়ায় গুরুতর আহত লিখনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

