নরসিংদী সদর উপজেলার দক্ষিণ শীলমান্দী গ্রামে ১৪ বছর বয়সী এক কিশোরীকে দীর্ঘ ছয় মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে তার আপন বাবা হালিম মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরীর মা বিদেশে থাকায় সে বাড়িতে অনেকটা একাকী থাকত। এ সুযোগে তার বাবা দীর্ঘদিন ধরে তাকে যৌন নির্যাতন করে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ রয়েছে, নির্যাতনের ভিডিও ধারণ করে ওই কিশোরীকে ভয়ভীতি দেখানো ও ব্ল্যাকমেইল করা হয়। সম্প্রতি ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি পরিবারের সদস্য ও স্থানীয়দের নজরে আসে। এরপর অভিযুক্ত হালিম মিয়া বাড়ি থেকে পালিয়ে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে ঘটনার পর থেকে ভুক্তভোগী কিশোরীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তার সন্ধান করছেন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত কিশোরীকে উদ্ধার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত হালিম মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

