Dhaka post
ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

অ্যাটর্নি জেনারেলের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

তাওহীদ পাটোয়ারী মনির
অক্টোবর ২৮, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

অ্যাটর্নি জেনারেলের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার মিসেস শিউ রশিদ (Ms. Shiu Rasheed) আজ মঙ্গলবার বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালদ্বীপের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, দুই দেশের মধ্যে বিদ্যমান আইনি সহযোগিতা এবং ভবিষ্যতে সম্ভাব্য আইনি বিরোধ পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে নিষ্পত্তির বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়। এ সময় উভয় পক্ষ দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে তাঁদের আন্তরিক আগ্রহ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে হাইকমিশনার ইউএনডিপি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত ইন্টার্নশিপ কর্মসূচির ইন্টার্নদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি মালদ্বীপের আইন ও বিচারব্যবস্থা, দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং হাইকমিশনার হিসেবে তাঁর দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি ইন্টার্নদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাঁদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন।

পরবর্তীতে হাইকমিশনার বাংলাদেশের বিচারব্যবস্থার কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করার লক্ষ্যে আদালত পরিদর্শন করেন। এ সময় অ্যাটর্নি জেনারেল তাঁকে সঙ্গে নিয়ে অন্তত দুটি আদালতের বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। বাংলাদেশের বিচারব্যবস্থার স্বচ্ছতা ও বিচারিক কার্যক্রম সম্পর্কে হাইকমিশনার সন্তোষ প্রকাশ করেন।

এ ছাড়া, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে মালদ্বীপে বাংলাদেশের দক্ষ জনশক্তির কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয়টি অ্যাটর্নি জেনারেল উত্থাপন করেন। এ বিষয়ে হাইকমিশনার ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন এবং ভবিষ্যতে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের ব্যাপারে তাঁর সরকারের আগ্রহের কথা জানান।

সাক্ষাৎকালে মালদ্বীপের হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি উপস্থিত ছিলেন। অ্যাটর্নি জেনারেলের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী, ব্যারিস্টার মেহেদী হাসান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল নুরে আলম সিদ্দিকী।

এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আইনি সহযোগিতা এবং দক্ষ জনশক্তি বিনিময়ের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।