পরিবর্তনের অঙ্গীকারে মাঠে জাহাঙ্গীর আলম অজয়
ছেংগারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা
আসন্ন ছেংগারচর পৌরসভা নির্বাচন-২০২৬কে সামনে রেখে মেয়র পদে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন মো. জাহাঙ্গীর আলম অজয়। ইতোমধ্যে তাঁর নির্বাচনী ইশতেহারে প্রকাশিত উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক পৌর প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার তুলে ধরা হয়েছে।
ইশতেহারে “পরিবর্তনের অঙ্গীকার, উন্নয়নের ধারাবাহিকতা” স্লোগানকে সামনে রেখে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়া, সড়ক, ড্রেনেজ ও অবকাঠামোর উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠার অঙ্গীকারও ব্যক্ত করা হয়েছে।
আরও উল্লেখ করা হয়েছে, নির্বাচিত হলে পৌরবাসীর মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। নাগরিক সেবার মান বৃদ্ধি, স্বচ্ছ প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং প্রতিটি ওয়ার্ডে সমানভাবে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রার্থী।
এদিকে পৌরসভা নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণায় ইতোমধ্যে সরব হয়ে উঠেছে ছেংগারচর পৌর এলাকা। বিভিন্ন প্রার্থী ভোটারদের কাছে নিজেদের পরিকল্পনা ও উন্নয়নের রূপরেখা তুলে ধরতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় মো. জাহাঙ্গীর আলম অজয়ের প্রচারণাও স্থানীয়দের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।
স্থানীয় সচেতন মহলের মতে, আসন্ন নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ তৈরি হতে পারে। তারা আশা করছেন, নির্বাচনে যোগ্য, সৎ ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীরাই জনগণের রায় লাভ করবেন।

