কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জহির উদ্দিন সেলিম ও তাঁর ভাই শিহাব উদ্দিন রিপনের বিরুদ্ধে অপপ্রচার এবং বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে চরফকিরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট পূর্ব বাজারে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে একটি বিক্ষোভ মিছিল চাপরাশিরহাট পূর্ব বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন চরফকিরা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন রিপনসহ স্থানীয় বিএনপি নেতারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ‘হানিফ-আমেরিকান সিটি’র কর্ণধার হানিফ ছুকানী ও তাঁর ছেলে ওমর ফারুক ওরফে বাদশা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিএনপি নেতা জহির উদ্দিন সেলিম, তাঁর পরিবার ও দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। একই সঙ্গে নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।
এ সময় বক্তারা হানিফ ছুকানী ও ওমর ফারুককে চরফকিরা ইউনিয়ন ও চাপরাশিরহাট বাজারে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন।
পরে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন চরফকিরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল হক মাস্টার।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, হানিফ ছুকানী ও তাঁর ছেলে ওমর ফারুক দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে জহির উদ্দিন সেলিম, তাঁর পরিবার এবং বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে আসছেন। পাশাপাশি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে চরফকিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল খালেক ভূঁইয়া, বিএনপি নেতা শাহজাহান, শমশের হোসেন হেলাল, শিহাব উদ্দিন রিপনসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

