চাঁদপুরের সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রীর কাছে চার লেন সড়কের দাবি এম এ শুককুর পাটোয়ারীর
চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ শুককুর পাটোয়ারী গৌরীপুর পেন্নাই-বাবুরহাট সড়ককে চার লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন।
শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় বক্তব্যকালে তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে এই দাবি তুলে ধরেন।
তিনি বলেন, “২০০৪ সালের ২৫ জুলাই আপনি প্রথমবার এই সড়ক দিয়ে চাঁদপুরে আসেন। তাই এটি একটি ঐতিহাসিক সড়ক। বর্তমানে রাস্তাটি আঁকাবাঁকা, এটি সোজা করে চার লেনে উন্নীত করা জরুরি।”
তিনি আরও বলেন, “মনোনয়নের পর আমরা ঐক্যবদ্ধভাবে দলের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করেছি। আন্দোলন-সংগ্রামে যারা সক্রিয় ছিলেন, তারা যেন অবহেলিত না হন, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।”
দলীয় নেতাকর্মীদের ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, “পুলিশি ও প্রশাসনিক বাধা উপেক্ষা করে আমরা মিটিং-মিছিল ও হরতাল সফল করেছি। চাঁদপুর, চট্টগ্রাম ও কুমিল্লাসহ বিভিন্ন স্থানে আমরা সফলভাবে কর্মসূচি বাস্তবায়ন করেছি।”
প্রধানমন্ত্রীর নিরাপত্তা জোরদারের দাবিও জানিয়ে তিনি বলেন, “আপনি জনগণের সঙ্গে মিশতে চান, তাই আপনার নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জনসমাগমের জানাজা পেয়েছেন। আমরা দেশকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি। শান্তিপূর্ণভাবে রাজনীতি করতে চাই এবং সবার সহযোগিতা কামনা করি।”

