নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভা এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার (৯ সেপ্টেম্বর) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে ৯২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় সাতটি মামলায় মোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি বকেয়া গ্যাস বিল বাবদ আরও ৩ লাখ ৫০ হাজার টাকা আদায় করা হয়েছে।
মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের দিকনির্দেশনায় মাধবদী পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদীর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খালিদ হোসেন শিমুল।
অভিযান চলাকালে অবৈধভাবে নেওয়া গ্যাস সংযোগ চিহ্নিত করে বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর আওতায় সাতটি মামলা দায়ের করে সংশ্লিষ্টদের কাছ থেকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, অবৈধ গ্যাস সংযোগের কারণে একদিকে যেমন সরকারি সম্পদের অপব্যবহার হচ্ছে, অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এসব অনিয়ম প্রতিরোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
জেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পদের অপব্যবহার এবং অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে রাজস্ব ক্ষতি প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

