পলাশে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয় লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ
নরসিংদীর পলাশ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয় লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের সামনের অংশে আগুন ধরে গেলেও স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তাকর্মীদের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার জিনারদী ইউনিয়নের বাড়াচর এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও ব্যাংকের নিরাপত্তাকর্মীদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ব্যাংকের শাখা কার্যালয় লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। বোমা নিক্ষেপের পর কার্যালয়ের সামনের অংশে আগুন জ্বলে ওঠে। পরে স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তাকর্মীরা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গ্রামীণ ব্যাংকের জিনারদী শাখার ব্যবস্থাপক সুমি জানান, পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় কার্যালয়ের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তাকর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় পলাশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।
খবর পেয়ে রাতেই পলাশ থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে।
তবে কারা, কী উদ্দেশ্যে এবং কেন ব্যাংকের শাখা কার্যালয় লক্ষ্য করে এ হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনার পর এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

