দিনাজপুরের পার্বতীপুরে মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে মনোয়ারা বেগম মনি (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে পৌর শহরের আমেরিক্যান ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদের নেতৃত্বে শহরের আমেরিক্যান ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম, মোমিনুল ইসলাম, হাশেম আলী এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহিনুর ইসলামসহ পুলিশের একটি চৌকস দল অংশ নেয়।
স্থানীয়দের সহযোগিতায় পরিচালিত ওই অভিযানে মনোয়ারা বেগম মনির কাছ থেকে ১৪ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ৪৩ হাজার ৬৩০ টাকা, মাদক সেবনের বিপুল পরিমাণ উপকরণ (ফয়েল পেপার) এবং ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনের মধ্যে ৭টি বাটন ফোন ও ১টি স্মার্ট ফোন রয়েছে।
অভিযানে থাকা পুলিশ সদস্যরা জানান, আটক মনোয়ারা বেগম মনি আমেরিক্যান ক্যাম্প এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেনের স্ত্রী এবং তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, আটক নারীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

