Dhaka post
ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

শিবপুরে হত্যার হুমকির একদিন পরই দিনমজুরকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিনিধি নরসিংদী মোঃ মামুন মোড়ল,
নভেম্বর ২৫, ২০২৬ ২:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

শিবপুরে হত্যার হুমকির একদিন পরই দিনমজুরকে গুলি করে হত্যা

নরসিংদীর শিবপুরে আলম মিয়া (৩৫) নামে এক দিনমজুরকে পেছন থেকে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। কয়েকটি মোটরসাইকেলে এসে তাকে গুলি করে পালিয়ে যায় তারা। হত্যাকাণ্ডের একদিন আগে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে হত্যার হুমকি পেয়েছিলেন বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাঘাব ইউনিয়নের বংপুর গ্রামের একটি সড়কে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আলম মিয়া ওই গ্রামের মৃত আফসার উদ্দিন ভূঁইয়ার ছেলে। তিনি কাঠ কাটা, রাজমিস্ত্রির কাজসহ বিভিন্ন ধরনের দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কয়েকটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা বংপুর গ্রামের ওই সড়কে আসে। এ সময় তারা আলম মিয়াকে পেছন থেকে লক্ষ্য করে মাথায় গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার সময় আশপাশে স্থানীয় কয়েকজন উপস্থিত থাকলেও আতঙ্কের কারণে কেউ এ বিষয়ে মুখ খুলতে চাইছেন না। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতের স্বজনরা জানান, দুই শিশু সন্তানের জনক আলম মিয়া দিনমজুরি করে সংসার চালাতেন। সোমবার (২৩ নভেম্বর) স্থানীয় এক চিহ্নিত সন্ত্রাসী তাকে হত্যার হুমকি দিয়েছিল বলে অভিযোগ করেন তারা। তবে কী কারণে তাকে হুমকি দেওয়া হয়েছিল, তা নিশ্চিত করে জানাতে পারেননি স্বজনরা।
খবর পেয়ে শিবপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে হত্যার কারণ ও জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।