নরসিংদীতে অটোরিকশা ধুতে গিয়ে পুকুরে ডুবে চালকের মৃত্যু
নরসিংদীতে অটোরিকশা ধুতে গিয়ে পুকুরে পড়ে ডুবে উজ্জ্বল (নাম) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রাত ৯টার দিকে নরসিংদী সদর মডেল থানার পাশে নবাব বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জ্বল নবাব বাড়ি এলাকার সফিকুল মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উজ্জ্বল নবাব বাড়ির পুকুরে অটোরিকশা ধুতে যান। এ সময় অসাবধানতাবশত পা পিছলে পুকুরের পানিতে পড়ে যান তিনি। সাঁতার না জানায় ধীরে ধীরে পানিতে তলিয়ে যান উজ্জ্বল।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা রাতে পুকুরে উদ্ধার অভিযান চালান। তবে দীর্ঘক্ষণ চেষ্টা করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পরে শনিবার (২১ নভেম্বর) সকালে টঙ্গী থেকে ডুবুরি দল এসে পুকুরে অভিযান চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

