নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের ছোট তারগাঁও এলাকায় পারিবারিক কবরস্থানের দেওয়াল ভেঙে কবরস্থানের ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে একই এলাকার বাসিন্দা লোকমান মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শহিদুল হক পলাশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, জিনারদী ইউনিয়নের ছোট তারগাঁও গ্রামের বাসিন্দা শহিদুল হকের সঙ্গে প্রতিবেশী লোকমান মিয়ার দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৮ জুলাই ২০২৬ সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে অভিযুক্ত লোকমান মিয়া কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে শহিদুল হকের বাড়ির উত্তর পাশের প্রায় ৪ ফুট দৈর্ঘ্যের সীমানা দেওয়াল ভেঙে ফেলেন। অভিযোগে বলা হয়েছে, এ ঘটনায় প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভুক্তভোগীর দাবি, দেওয়াল ভাঙার সময় বাধা দিতে গেলে অভিযুক্ত ব্যক্তি তাকে গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান না হওয়ায় পরিবারের সঙ্গে পরামর্শ করে তিনি পলাশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগকারী শহিদুল হক বলেন, পারিবারিক কবরস্থানের ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা করা হচ্ছে, যা শুধু সম্পত্তির ক্ষতিই নয়, পারিবারিক কবরস্থানের পবিত্রতাও ক্ষুণ্ন করছে। তিনি কবরস্থানটি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর আবেদন করা হয়েছে।

