শেখ হাসিনাকে নরসিংদীতে আমন্ত্রণ, দুই দিন পর জনতার হাতে আটক ছাত্রলীগ নেতা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নরসিংদীতে আসার আমন্ত্রণ জানিয়ে বক্তব্য দেওয়ার দুই দিনের মাথায় স্থানীয় লোকজনের হাতে আটক হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আবদুর রহমান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নরসিংদীর রায়পুরা উপজেলা থেকে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয় লোকজন।
স্থানীয় সূত্রে জানা যায়, আবদুর রহমান আওয়ামী লীগ ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, মিছিল ও সমাবেশে সক্রিয় ছিলেন। সম্প্রতি তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নরসিংদীতে আসার আমন্ত্রণ জানিয়ে বক্তব্য দেন। ওই বক্তব্যের পর থেকেই তাকে নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার স্থানীয় লোকজন তাকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়দের অভিযোগ, আবদুর রহমান এলাকায় রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছিলেন। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং আটকের বিষয়ে আবদুর রহমানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শেখ হাসিনাকে নরসিংদীতে আমন্ত্রণ জানানোর দুই দিনের মাথায় আবদুর রহমানের আটকের ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

