Dhaka post
ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ঢাবি উপাচার্যের সঙ্গে রাশিয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ

তাওহীদ পাটোয়ারী মনির
নভেম্বর ৪, ২০২৬ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাবি উপাচার্যের সঙ্গে রাশিয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের ‘জাতীয় শিক্ষা ব্যবস্থা সমন্বয় বিভাগ’-এর উপ-পরিচালক মি. জার্মান দিমিত্রিভিচ জুবোভিচ এবং ‘আন্তর্জাতিক সহযোগিতা কেন্দ্র’-এর উপদেষ্টা মি. আলেকজান্ডার ভ্যাসিলিভিচ পারকিন আজ ৪ নভেম্বর ২০২৬ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এসময় ঢাকাস্থ রাশিয়া দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি এবং রাশিয়ান হাউসের পরিচালক মিস আলেকজান্দ্রা এ. খেলভনয়, সাংস্কৃতিক কর্মসূচি বিভাগের প্রধান মি. প্রশান্ত কুমার বর্মণ এবং একই দূতাবাসের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা মি. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। এছাড়া, রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ৯ মাস মেয়াদি রুশ ভাষা শিক্ষা বিষয়ে ফ্রি কোর্স চালুর সম্ভাবনা নিয়েও তাঁরা কথা বলেন। প্রতিনিধিদলের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে রুশ ভাষা বিষয়ে পাঠদানের লক্ষ্যে ‘রাশিয়ান টিচার্স অ্যাব্রড’ শীর্ষক প্রকল্পের আওতায় রাশিয়া থেকে প্রশিক্ষক (নেটিভ স্পিকার) প্রেরণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। এই প্রকল্প রুশ ভাষার প্রসারে সহায়তা করার পাশাপাশি বাংলাদেশে রুশ ভাষার নতুন শিক্ষক তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা অভিমত ব্যক্ত করেন। প্রতিনিধিরা আরও জানান, এই প্রকল্পের মাধ্যমে সরকারি বৃত্তির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ আরও বাড়বে। এছাড়া, রুশ ভাষা জানা থাকলে বাংলাদেশি কর্মীরা রাশিয়ায় ভালো বেতনে উন্নত কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে আরও যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের লক্ষ্যে তাঁরা একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে ঐকমত্য প্রকাশ করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। শিক্ষা ও গবেষণার মাধ্যমে এই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আরও বেশি যৌথ একাডেমিক ও গবেষণা কর্মসূচি গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন। উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিদের ধন্যবাদ জানান।

মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিশ্ব সর্বশেষ