Dhaka post
ঢাকাশুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় পুলিশের চেকপোস্টে দেশীয় অস্ত্র ও পিকআপসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

মোঃ ফরহাদ হোসেন, নওগাঁ প্রতিনিধি
নভেম্বর ২০, ২০২৬ ১০:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, দড়ি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) মধ্যরাতে নিয়ামতপুর থানা পুলিশের স্থাপিত চেকপোস্টে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে নিরাপত্তা টহল, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার ৩ নম্বর ভাবিচা ইউনিয়নের গাবতলী বাজার এলাকায় মধ্যরাতে চেকপোস্ট স্থাপন করে।
রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে দেশীয় অস্ত্রে সজ্জিত আটজন ডাকাত একটি পিকআপযোগে ডাকাতির উদ্দেশ্যে নিয়ামতপুরের দিকে আসছে—এমন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। পরে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মাহবুবের নেতৃত্বে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা কৌশলে পালিয়ে যায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নওগাঁ সদর উপজেলার ফারাদপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে মোঃ রেজাউল করিম ওরফে লসিমন (৫০), বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তাহার ইয়ার্ড কলোনির মোঃ সাগর এবং নওগাঁ সদর উপজেলার চক গোয়ালী গ্রামের মোঃ আমজাদ হোসেনের ছেলে মোঃ রিমন হোসেন (২৩)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র, দড়ি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
পুলিশের তথ্যমতে, রেজাউল করিম ওরফে লসিমনের বিরুদ্ধে ডাকাতি ও চুরিসহ পূর্বের আটটি মামলা রয়েছে। মোঃ সাগরের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদকসংক্রান্ত পাঁচটি মামলা এবং রিমন হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
এ চক্রটি ইতিপূর্বে রাজশাহী, নাটোর ও নওগাঁ জেলার বিভিন্ন স্থানে ডাকাতির সঙ্গে জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে। পলাতক ডাকাত দলের অন্য সদস্যদের নাম-পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে জিজ্ঞাসাবাদ ও অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।